
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লাসহ দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ শহরের জন্য পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের ১৩তম দিনের বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।
একই অধিবেশনে নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬-ও উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও সংসদের কার্যক্রম চালু ছিল।
বিল উত্থাপনের সময় মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেন, এসব উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট শহরগুলোতে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, নগর পরিকল্পনা ও পরিবেশ সংরক্ষণে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্ত্রী আরও জানান, নতুন কাঠামোর মাধ্যমে দ্রুত নগরায়ণ নিয়ন্ত্রণ, ভূ-প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং নাগরিক সেবার মান উন্নয়ন সম্ভব হবে।
সংশ্লিষ্ট শহরগুলোতে পৃথক উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের ফলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে বলে আশা করা হচ্ছে।
