ফেনী পৌরসভা আধুনিকায়নে ৫,৯০১ কোটি টাকার প্রকল্প

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

২ দিনব্যাপী কর্মশালা শুরু, রাস্তা–ড্রেন উন্নয়নসহ জলবায়ু সহিষ্ণু নগর গড়ার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, ফেনী : ফেনী পৌরসভাকে আধুনিক ও জলবায়ু সহিষ্ণু নগর হিসেবে গড়ে তুলতে ৫ হাজার ৯০১ কোটি টাকার একটি বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নকে সামনে রেখে ২ দিনব্যাপী একটি কর্মশালা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পৌরসভার হলরুমে ‘বাংলাদেশ রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) শীর্ষক এ কর্মশালার উদ্বোধন করা হয়। সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ফেনী পৌর এলাকায় রাস্তা ও ড্রেন উন্নয়ন, নগর অবকাঠামো শক্তিশালীকরণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উপযোগী বিভিন্ন সুবিধা গড়ে তোলা হবে। এতে নাগরিক সেবা আরও সহজ ও টেকসই হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৪ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত ৬ বছর মেয়াদে এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৯০১ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাউন্টারপার্ট ফান্ডিং হিসেবে ১ হাজার ৬৪১ কোটি টাকা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটির প্রাথমিক অনুমোদন ২০১৪ সালের ২১ জুন বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরসের সভায় দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়।

এদিকে, প্রকল্পের আওতায় ইতোমধ্যে পৌর এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নের জন্য ২৮ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। পর্যায়ক্রমে আরও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় আরইউটিডিপির নগর পরিকল্পনাবিদ মো. আবদুর রকিব খান, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মো. জাহিদুল ইসলাম ও পরিবেশ বিশেষজ্ঞ আল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, পরিকল্পিত উন্নয়ন ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণের মাধ্যমে ফেনী পৌরসভাকে একটি টেকসই ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।