চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল, একটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া একটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানান জেলা রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ। যাচাই-বাছাই কার্যক্রমে সংশ্লিষ্ট প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ–২ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশীদ আলম বাচ্চু এবং চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর প্রার্থী মো. ফজলুর রহমান।

এ ছাড়া হলফনামায় অসঙ্গতিপূর্ণ তথ্য পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলামের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাঁদের মধ্যে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।