শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ভোট প্রচারণায় স্বতঃস্ফূর্ত সমর্থন মিলছে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনী এলাকায় সর্বত্রই জনসংযোগে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে স্বাভাবিক, শান্তিপূর্ণ ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কবর জিয়ারতের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত নেতা রেজাউল করিমের বাবা হোসাইন আহমদের কবরও জিয়ারত করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমরা প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছি। নেতাকর্মীদের নির্দেশনা— ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। মা-বোন, মুরুব্বি ও তরুণ সমাজের কাছে ভোট চাইতে হবে। ভোট চাওয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যেই সাড়া পাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, “বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মিথ্যা মামলায় কারারুদ্ধ থাকার পর অসুস্থ হয়ে বহু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি সারাবিশ্বে সম্মানিত ও শ্রদ্ধেয় নেত্রী ছিলেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং আপোষহীন নেতৃত্ব প্রদর্শন করেছেন।”

কবর জিয়ারতে জেলা বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা কৃষকদলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এবং সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।