
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া। এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট এলাকা থেকে সারের বস্তাগুলো জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারের খবর পেয়ে চরজব্বর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে একটি ট্রলার থেকে প্রায় ৩ শতাধিক বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল। তবে সারের মালিকানা দাবি করে এখনো কেউ সামনে আসেনি।
ওসি শাহীন মিয়া বলেন,
“আনুমানিক তিন শতাধিক বস্তা ইউরিয়া সার আটক করা হয়েছে। সারের উৎস ও গন্তব্য সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
