
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নতুন তেওয়ারীগঞ্জ বাজার থেকে আধারমানিক সড়কে চলাচলকারী ও ফসলী জমি বিনষ্টকারী ১৩ জন ট্রাক্টর চালক ও মালিকের জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার (৮ মার্চ) বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ বাজারের ৯ টি ট্রাক্টর চালক ও মালিকের ১০ হাজার করে ৯০ হাজার, ২ জনের ৫ হাজার করে ১০ হাজার এবং ভবানীগঞ্জ চৌরাস্তা এলাকায় এক ট্রাক্টর চালকের ১০ হাজার ও অন্যজনের ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
দন্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ট্রাক্টর চালক রিয়াদ, সহিদ, ফয়সাল, বিপ্লব, শামীম, মো. রাসেল, মো. সুজন, তারেক, রাকিব হোসেন, সুমন, রাকিব, মো. ইউসুফ ও লাহারকান্দির কুতুবপুর গ্রামের মো. সোহেল।
প্রশাসন জানায় সূত্র, লক্ষ্মীপুর সদর উপজেলাধীন তেওয়ারীগঞ্জ ইউনিয়নের নতুন তেওয়ারীগঞ্জ বাজার থেকে আধারমানিক সড়ক ও ফসলী জমি বিনষ্টকারী ট্রাক্টর চলাচলে বাধা দিয়ে ১১টি ট্রাক্টর আটক করে স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ।
এ সময় ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সনদ ব্যতীত ট্রাক্টর চালনা এবং গ্রামীন সড়ক বিনষ্ট করার অপরাধে সড়ক পরিবহণ আইনে ১১ জন চালক-মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই দিন ভবানীগঞ্জ চৌরাস্তা বাজার থেকে নতুন তেওয়ারীগঞ্জ বাজার সড়কে অবৈধ ট্রাক্টর চালানোর অপরাধে দুইজনের পৃথক মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও জামশেদ আলম রানা জানান, ট্রাক্টর মালিক ও চালকদের ট্রাক্টর চালানো হতে বিরত থাকার বিষয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। তবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
