নাটোর আদালতে আইনজীবীর ওপর হামলা, আহত সাবেক জিপি, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলা জজ আদালত প্রাঙ্গণে নিজ চেম্বারে কাজ করার সময় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট মো. আসাদুল ইসলাম আসাদ।

সোমবার (২৯ জুন) বিকেলে এ হামলার ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পরপরই উপস্থিত আইনজীবী ও লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

আটক ব্যক্তির নাম কাবিল উদ্দিন (২৮)। তিনি সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা যায়, সোমবার বিকেল তিনটার দিকে অ্যাডভোকেট আসাদুল ইসলাম নিজ চেম্বারে দাপ্তরিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় কাবিল উদ্দিন অতর্কিতভাবে লাঠি নিয়ে তার ওপর হামলা চালান। হামলায় আইনজীবীর মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় নিজেকে বাঁচাতে গেলে তার দুই হাতের আঙুল ভেঙে যায় এবং পায়েও গুরুতর জখম হয়।

হামলার শিকার আইনজীবীর ভাই অ্যাডভোকেট নাজমুল হক জানান, মহিষমারি এলাকায় জমি নিয়ে কাবিল উদ্দিনের সঙ্গে তাদের পরিবারের অনেক পুরোনো একটি বিরোধ ছিল, যা অনেক আগেই মীমাংসা হয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধের ঘটনা ঘটেনি। তাহলে কেন এই হামলা, তা নিয়ে তারা হতবাক।

ঘটনার পরপরই আদালত প্রাঙ্গণে থাকা আইনজীবী ও সাধারণ মানুষ হামলাকারীকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। এদিকে, গুরুতর আহত অ্যাডভোকেট আসাদুল ইসলামকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, “অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”