
রায়পুর (লক্ষ্মীপুর) ; লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ সড়ক নিরাপত্তা ও ভোক্তা অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি মামলায় মোট ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চালানোর দায়ে একাধিক চালকের বিরুদ্ধে মামলা করা হয়।
এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই মিষ্টি বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। এ সময় তাকে সহায়তা করেন বিএসটিআই-এর প্রতিনিধি এবং রায়পুর থানা পুলিশ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
