
গিয়াস উদ্দিন রনি : চট্টগ্রাম নগরে সিএমপির বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’–এর দুই অনুসারীকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাঁদের সহযোগীরা পুলিশের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোররাতে নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকার চালিতাতলী বাজারসংলগ্ন আমিন উল্লাহ হাজী বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ওয়াজেদিয়া এলাকার মোহাম্মদ ইসতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিম (৩৫)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হওয়া যায়, আলোচিত সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’–এর অনুসারীরা ওই বাড়িতে অবস্থান করছেন। এরপর বিশেষ টিম সেখানে অভিযান চালায়।
অভিযানকালে আসামিরা পালানোর চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি পুলিশের। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ধাওয়া দিয়ে দুজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, অভিযানে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে—
২টি বিদেশি পিস্তল
৩টি পিস্তলের ম্যাগাজিন
১টি বিদেশি এসএমজি (ম্যাগাজিনসহ)
১টি দেশীয় পাইপগান
৪৫৫ রাউন্ড পিস্তলের তাজা গুলি
১৪টি শর্টগানের কার্তুজ ও ১টি খালি কার্তুজ
৮৮০টি ইয়াবা ট্যাবলেট
চাপাতি, রামদা, ছোরা ও কাঁচিসহ ধারালো অস্ত্র
৩টি অ্যান্ড্রয়েড মুঠোফোন
২টি বডি ওয়ার্ন ক্যামেরা
অস্ত্রের কিট বক্স, স্প্রে কিট, টুলবক্স ড্রিল মেশিন, পলিথিন সিল মেশিন
১টি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী বলেন, এ ঘটনায় বড় সাজ্জাদের ভাইয়ের ছেলে মোহাম্মদ ও কেইস ইকবালসহ আরও কয়েকজন পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
