
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে উপজেলার দেওপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে নির্মাণাধীন প্রকল্পটি ঘুরে দেখেন তিনি।
সরকারের মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ১৫ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে তিনতলা বিশিষ্ট এ স্থাপনা। প্রায় ১ হাজার ৬৮০ বর্গমিটার জমির ওপর গড়ে ওঠা মসজিদটিতে একসঙ্গে প্রায় ৯০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিদর্শনকালে ইউএনও মসজিদের বিভিন্ন অবকাঠামোগত কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। এ সময় এসি স্থাপন, দরজা-জানালা, মিম্বার, মার্বেল টাইলস, ডিপ টিউবওয়েল এবং নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। কিছু অসমাপ্ত কাজ ও ত্রুটি চিহ্নিত করে দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
পরিদর্শন শেষে ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, “মডেল মসজিদটি শুধু নামাজ আদায়ের স্থান হিসেবে নয়, ইসলামিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।”
তিনি জানান, মসজিদটিতে শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা, কোরআন হেফজের ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ, হজযাত্রীদের ডিজিটাল নিবন্ধন ও প্রশিক্ষণ সুবিধা রাখা হচ্ছে। পাশাপাশি ইসলামি গবেষণার জন্য গ্রন্থাগার, নারীদের জন্য পৃথক অজু ও নামাজের স্থান, মৃতদেহ গোসলের ব্যবস্থা, পর্যটকদের আবাসন, যানবাহন পার্কিং, অটিজম কর্নার ও সম্মেলন কক্ষও থাকবে।
স্থানীয় বাসিন্দাদের আশা, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ মসজিদ চালু হলে এটি উপজেলার ধর্মপ্রাণ মানুষের ইবাদত ও ইসলামিক জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হয়ে উঠবে।
পরিদর্শনে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
