কালীগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও ধানের শীষের প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

মোঃ আলমগীর মোল্লা, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পবিত্র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) তুমলিয়া ইউনিয়নের সোমবাজার ঈদগাহ্ মাঠে ৮নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠন, এবং সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশনেতা তারেক রহমানের সুস্থতা কামনা করেন। একইসাথে তারা নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রতি ভোট প্রদানের আহবান জানান।

দিনের শেষ দিকে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তরগাঁও এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আরও একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ, সাবেক পৌর মেয়র এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উভয় সভায় অংশগ্রহণকারীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করেন।