
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একশ আসনে প্রার্থীদের প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করতে যাচ্ছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করা হবে।
একই দিনে মনোনীত প্রার্থীদের নিয়ে একটি সভারও আয়োজন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) দলটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দলের ভাইস চেয়ারম্যান ও যুগ্ম সাধারণ সম্পাদকদের নেতৃত্বে গঠিত প্রার্থী বাছাই কমিটি প্রাথমিক পর্যবেক্ষণ শেষে একটি প্রতিবেদন জমা দেয়। পরে দলের কার্যনির্বাহী পরিষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা করে প্রাথমিকভাবে ১০০টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
এর আগে মাসখানেক আগে এবি পার্টির পক্ষ থেকে আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় এ তালিকা ঘোষণা করা হচ্ছে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাচাই-বাছাই শেষে নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী ধাপে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী প্রস্তুতি ও ১৬ অক্টোবরের সভা সফল করতে দলীয় নেতা-কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।
