যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার (৭ জুন) বিকেলে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি পদপ্রার্থী মো. সুজন মোল্লার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

আনন্দ মিছিলটি বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা শাহেদ সমি বাদশা, মনিরুজ্জামান সোহাগ, মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, সাইফুজ্জামান মনা, মো. সুমন পাইক, আবুল হাসান, জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধুরী, রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান ও শহিদুল ইসলাম সোহাগ। এছাড়াও জেলা যুবদলের অধীনস্থ ১২টি ইউনিটের শত শত নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশ নেন।

সমাবেশে প্রধান আয়োজক মো. সুজন মোল্লা বলেন, “কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যোগ্য নেতৃত্বের হাত ধরেই যুবদল আগামীদিনে আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে এবং দেশের যেকোনো পরিস্থিতিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিশন ও নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাট জেলা যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি দেশ গড়ার কাজে প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুসংহত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।”