সাতক্ষীরায় তিন ক্লিনিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরায় নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা (ক্লিনিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট না থাকায় তিনটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ জুলাই) জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্যাটালিয়ন আনসার, পুলিশ, পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রাইভেট ক্লিনিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন, ড্রাগ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টসহ প্রয়োজনীয় অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়। অনিয়ম পাওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ছাড়া আরও কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা মেনে চলা, প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ এবং নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে এ ধরনের তদারকি ও আইন প্রয়োগমূলক অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।