
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে সাতটার দিকে ৫৯ বিজিবির আওতাধীন চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া গ্রামে অভিযানে নামে। টহল দলের নেতৃত্ব দেন নায়েক মো. আব্দুর রহমান। সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই সিরাপের চালানটি জব্দ করা হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অধিনায়ক আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
