চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও মুঠোফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি অভিযানে ১২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মুঠোফোন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে ৫৩ বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ৫৩ বিজিবির অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ২৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ২০টি মুঠোফোন জব্দ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে একই বিওপির আরেকটি দল দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।

জব্দ করা মাদক ও মুঠোফোনের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা। বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় এবং মুঠোফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি তৎপর রয়েছে।

বিজিবি জানায়, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে এক ব্যক্তিকে আটক করার পাশাপাশি ২৬৯ বোতল এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ ও ২১টি মুঠোফোন জব্দ করেছে। এসবের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।