সিংড়ায় মাটির নিচে ডিজেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটির নিচে পানির ট্যাংকের ভেতর থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

শনিবার (৭ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিংগুইন ভাটোপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগে রুবেল হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়।

অভিযান চলাকালে তার বাড়ির মাটির নিচে স্থাপন করা পানির ট্যাংকের ভেতর থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি ও অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এসব তেল সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভোক্তাদের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।