
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর-৪ (রামগতি–কমলনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা প্রতীক) প্রার্থী মাওলানা খালেদ সাইফুল্লাহকে একটি প্রাডো ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়া হয়েছে। নির্বাচনী কার্যক্রমে ব্যবহারের জন্য তাঁর এক ভক্ত গাড়িটি উপহার দিয়েছেন বলে জানা গেছে।
গত ১৫ ডিসেম্বর রাতে ঢাকা থেকে গাড়িটি চালিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের আউলিয়ানগর এলাকায় প্রার্থীর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। উপহারদাতা তাঁর নাম–পরিচয় প্রকাশে অনিচ্ছা জানিয়েছেন।
মাওলানা খালেদ সাইফুল্লাহ বর্তমানে কমলনগর উপজেলা চেয়ারম্যান। এর আগে তিনি চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য এবং চরমোনাই পীরের অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয়রা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর নির্বাচনী কার্যক্রমে সমর্থক ও অনুসারীরা স্বেচ্ছায় বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তবে এসব সহযোগিতার জন্য প্রার্থী নিজে কাউকে অনুরোধ করেননি বলে দাবি করা হয়।
এ বিষয়ে মাওলানা খালেদ সাইফুল্লাহ বলেন, “আমরা রাজনীতিকে ইবাদত হিসেবে মনে করি। মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। কিছু মানুষ হয়তো সেই নিয়ত থেকেই নির্বাচনী কাজে সহযোগিতা করছেন।”
তিনি আরও বলেন, “আমি ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি করেছি। সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য জনসেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমমনা আট দলের প্রার্থী হিসেবে তিনি হাতপাখা প্রতীক নিয়ে লক্ষ্মীপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
