“লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা-কর্মচারীদের ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি”

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১১ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ প্রত্যাহার এবং হয়রানি বন্ধসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করছে লক্ষ্মীপুর জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। 

গত রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সদর দপ্তরের মূল ফটকে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এর আগে দপ্তরের ভেতরে দাঁড়িয়ে কর্মসূচি পালন করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধার মূখে পড়ে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কার্যালয়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আন্দোলন চলাকালীন দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হয়। তবে বিদ্যুৎ কর্মীরা জানিয়েছেন, তারা জরুরি বিদ্যুৎ সেবা চালু রেখে আন্দোলন করছেন। সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা একযোগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরতরা পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, বৈষম্য, নিপীড়ন থেকে মুক্তি এবং গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবার লক্ষ্যে পল্লীবিদ্যুৎ সিস্টেমের সংস্কারে তৃতীয় বারের মতো গঠিত কমিটির প্রতিবেদন দাখিল ও বাস্তবায়নের রূপরেখা প্রণয়নের দাবি জানান।

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জিএম মো. শফিউল আলম বলেন, এ বিষয়ে সরকার কমিটি গঠন করেছে। কমিটিকে সুযোগ দিতে হবে, তাদের রিপোর্ট দাখিলের জন্য। কিন্তু আন্দোলনকারীরা কেন্দ্রীয় কমিটির কথা বলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে আসছে। এটা গ্রহণযোগ্য না। বিদ্যুৎ গুরুত্বপূর্ণ একটা সেক্টর। এখানে যেকোনো মুহূর্তে যে কোন ঘটনা ঘটে যেতে পারে। তাদের দাবি দাওয়া সরকারের উচ্চ পর্যায়ে চলে গেছে। তাদের দাবি নিয়ে সরকার কাজ করতেছে।