মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বউ আনলেন মালয়েশিয়া প্রবাসী রাজিব

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নেত্রকোনা প্রতিনিধি : মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ের আসরে গিয়ে বউ এনেছেন মালয়েশিয়া প্রবাসী রাজিব মিয়া। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার আটপাড়া ও মদন উপজেলার সীমান্তবর্তী এলাকায়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।

রাজিব মিয়া উপজেলার সুখারী ইউনিয়নের কুলশ্রী গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছোট ছেলে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে একটি হেলিকপ্টার কুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে। এরপর বর সাজে সেখানে উপস্থিত হন রাজিব মিয়া। পরে সেখান থেকে তিনি যান মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামে বিয়ের অনুষ্ঠানে।

এ সময় আশপাশের এলাকা থেকে শত শত উৎসুক মানুষ হেলিকপ্টার দেখতে ভিড় করেন।

রাজিব মিয়ার সঙ্গে বিয়ে সম্পন্ন হয় গাবরতলা গ্রামের সাখাওয়াত মিয়ার কন্যা জুতি আক্তারের।

পারিবারিকভাবে আয়োজিত এই বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবাসী রাজিব মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত। পরিবারের ১০ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

তিনি বলেন, “আমার মা ইচ্ছা প্রকাশ করেছিলেন, আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। মায়ের সেই ইচ্ছা পূরণ করতেই আজ আমি হেলিকপ্টারে করে বিয়ে করতে এসেছি।”

রাজিবের বড় ভাই ঝুটন বলেন, “রাজিব আমাদের পরিবারের সবার ছোট। মা এমন ইচ্ছা করেছিলেন, আর রাজিব তা পূরণ করেছে। এতে আমরা সবাই খুশি।”