
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (আইসিটি) মো. তাজুল ইসলাম সজিবের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার আনম নাজমুল উলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, সাইবার ক্রাইম এলার্ট টিম লিডার শেখ মাহবুবুল হক, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক সুদর্শন রপ্তান এবং ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় গত মাসের রেজুলেশন উপস্থাপন ও সঞ্চালনা করেন জেলা আইসিটি প্রোগ্রাম অফিসার মোঃ শরিফুল ইসলাম।
সভায় সাইবার অপরাধ সংক্রান্ত মামলার তালিকা মনিটরিং, বিশেষজ্ঞদের সহায়তা, আলামত হিসেবে ডিজিটাল ডিভাইস জব্দ ও অ্যাপস হিস্ট্রি সংগ্রহের গুরুত্ব আলোচনা করা হয়। এছাড়াও, স্কুল পর্যায়ে সাইবার অপরাধ প্রতিরোধে কমিটি গঠন ও শিক্ষক-শিক্ষার্থীদের সাইবার সচেতনতা বৃদ্ধি করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা শিক্ষকদের মাধ্যমে নিরাপদ ইন্টারনেট ব্যবহারে মনিটরিং ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ক্লাস গ্রহণ, সাইবার বুলিং, গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে সতর্কতা, অনলাইন ব্যবহারে নজরদারি এবং সংবেদনশীলতা তৈরির ওপর বিশেষ জোর দেন।
সরকারি অফিসের সকল তথ্য ওয়েবসাইট এবং সিটিজেন চার্টার নিয়মিত আপডেট রাখার পাশাপাশি জেলার ১২০টি আইসিটি ল্যাবসহ স্কুলগুলোর ল্যাব সচল রাখার পাশাপাশি মাইগভ অনলাইন প্ল্যাটফর্মে তথ্য হালনাগাদ রাখার দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া আইসিটি ও ইনোভেশন প্রসঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।
