
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে শাহরাস্তি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। “প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা থাকলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে”—বলেন তিনি।
এ সময় কিশোর গ্যাং দমন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড ব্যবস্থাপনা, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং টপসয়েল কাটার মতো সমসাময়িক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, নাওড়া সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবির, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
