পিরোজপুরে ইসলামী আন্দোলনের মানববন্ধন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

পিরোজপুর প্রতিনিধি : জুলাই জাতীয় সনদকে আইনি স্বীকৃতি দেওয়া ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. মনিরুল হাসান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ. এম. জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহসভাপতি মাওলানা আলী হোসেন ও জেলা ছাত্র আন্দোলনের সহসভাপতি আরিফুল ইসলাম আদিফ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির কোনো বিকল্প নেই। তাঁরা জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি এবং ইসলামী আন্দোলনের পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।