ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট অভিযান: ৯ জেলেকে অর্থদণ্ড, ৮০ হাজার মিটার জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার নদ-নদীতে রোববার মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। 

রায়পুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযানে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথভাবে অংশ নেয়।

অভিযানকালে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অভিযোগে ৯ জন জেলেকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে আনুমানিক ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এছাড়া একটি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

রায়পুর সহকারী কমিশনার  (ভূমি) নিগার সুলতানা  বলেন, “মা ইলিশ রক্ষায় সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা কার্যকর করতে আমরা নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।”