কমলনগরে মেঘনায় যৌথ অভিযান: ইলিশ জালসহ আটক ৪ ট্রলার, মাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন, : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ইলিশ জাল, ট্রলার ও মাছ জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার জেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে অংশ নেয় মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড।

জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, সিনিয়র সহকারী পরিচালক মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত একটি পাইজাল, প্রায় ২০ হাজার মিটার ইলিশ ধরার জাল, চারটি ট্রলার এবং প্রায় ৩০ কেজি মাছ জব্দ করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি আটক করা ট্রলারগুলো জব্দ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা মাছ স্থানীয় দুস্থ, অসহায় মানুষ এবং এতিমখানায় বিতরণ করা হয়।

মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জাল ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।