
ইসমাইল , নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
জব্দ করা মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। পরে এগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত তিন মাসে ৫৩ বিজিবি পৃথক অভিযানে চারজনকে আটক করেছে। এ সময় ২৯১ বোতল মদ, ২১১ বোতল ফেনসিডিল, ২৪০ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪৫ বোতল এসকাফ সিরাপ, ২৮৭ বোতল চকোপ্লাস সিরাপ, ৩ হাজার ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৬৯টি গরু, ২১টি মহিষ এবং ১১০টি মোবাইল ফোনসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৪ কোটি ৫৩ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। সরকারের মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন।
তিনি আরও জানান, জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত ও নদীপথে টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
