
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৯ সিএনজি চালিত অটোরিকশা চালকের কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতি উপজেলার আজাদনগর ব্রিজ এলাকায় এ অভিযান চালান।
রামগতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খান এ জরিমানা করেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তনু চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রামগতির বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন। এমন অভিযান অব্যাহত রহিবে।
