
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ওয়াহিদা আক্তার শিল্পী নামের এক নারীকে আটক করা হয়েছে। তিনি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মক্কেলদের আইনি পরামর্শ দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতির সদস্যরা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ জানিয়েছে, আটক ওই নারীর বাড়ি ঢাকায়।
প্রত্যক্ষদর্শী ও জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ওয়াহিদা আক্তার শিল্পী। তিনি নিজেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দাবি করে ওই ব্যক্তিকে আইনি পরামর্শ দিচ্ছিলেন। এ সময় তাঁর কথাবার্তা ও আচরণে অসংলগ্নতা লক্ষ্য করেন লক্ষ্মীপুর আদালতের আইনজীবী অ্যাডভোকেট শিহাব।
একপর্যায়ে অ্যাডভোকেট শিহাব তাঁর পরিচয় জানতে চাইলে সন্তোষজনক উত্তর দিতে না পারায় আদালতপাড়ায় সন্দেহ সৃষ্টি হয়। পরে উপস্থিত অন্যান্য আইনজীবীরা তাঁকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিক উল্যাহ বলেন, জিজ্ঞাসাবাদের সময় ওই নারী বেশ কিছু ভুয়া পরিচয়পত্র দেখান। পরে চাপের মুখে তিনি স্বীকার করেন যে তিনি কোনো আইনজীবী নন।
লক্ষ্মীপুর আদালতের কোর্ট পরিদর্শক এম. এ. জলিল বলেন, আটক নারী নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিলেও তাঁর কাছে কোনো বৈধ সনদ বা কাগজপত্র পাওয়া যায়নি। তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতিকে এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
