রায়পুরায় মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা পৌর এলাকায় এক বালিকা মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে দশ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার (তারিখ উল্লেখিত) রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম জুনায়েদ আহমদ। তিনি উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগ ওঠার পর তিনি আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে ভুক্তভোগী ছাত্রী ও তার ছোট ভাইকে মাদরাসাটিতে ভর্তি করানো হয়। তারা মাদরাসার আবাসিকে থেকে পড়াশোনা করছিল। গত ২৪ এপ্রিল গভীর রাতে ওই শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে অসুস্থতা বোধ করলে সে নিকট আত্মীয়ের বাসায় চলে যায়। সেখানে ঘটনার বিস্তারিত জানার পর পরিবারের সদস্যদের অবহিত করা হয়। পরে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনা জানাজানির পর স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলেও জনসাধারণের আপত্তির মুখে তা ভেস্তে যায়। পরে উত্তেজিত কিছু লোক মাদরাসার একটি অংশে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়।

এদিকে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে মাদরাসার প্রতিষ্ঠাতার পারিবারিক সম্পর্ক রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। ঘটনার পর থেকেই মাদরাসার প্রতিষ্ঠাতা ও অভিযুক্ত শিক্ষক উভয়েই আত্মগোপনে আছেন বলে জানা গেছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সালিশ চলাকালে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভুক্তভোগী পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।