
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহরের তিতাখাঁ মসজিদের বিপরীতে অবস্থিত ‘ম্যাক ওয়ার্ল্ড’ নামের একটি দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্য অবৈধভাবে লেবেলিং, নকল পণ্য মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রয় এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দোকানটির মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।
