হাতিয়ায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ দিন আগে

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঘুচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের পানিতে ডুবে মো. মাহি (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোল্লা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে বাড়ির পাশের চোরা খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহি স্থানীয় রিকশা চালক মো. মামুনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে মামুনের পরিবার মোল্লা গ্রামে নতুন বাড়িতে বসবাস শুরু করে। লঘুচাপের প্রভাবে গত কয়েক দিন ধরে ওই গ্রামটি জোয়ারের পানিতে প্লাবিত ছিল। শুক্রবার দুপুর ১টার দিকে মাহির মা তাহমিনা আক্তার তাকে ঘরে রেখে টিউবওয়েল থেকে পানি আনতে বাইরে যান। এ সময় শিশুটি সবার অগোচরে ঘর থেকে বের হয়ে জোয়ারের পানিতে ভেসে যায়। পরে বিকেল ৪টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের চোরা খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।