লক্ষ্মীপুর পৌর শহরে উল্টো সময়ে জ্বলে সড়কবাতি, ভোগান্তিতে পথচারী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নাজমুল হোসেন : লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন সড়কে অদ্ভুত এক সমস্যার সৃষ্টি হয়েছে। সকাল ৮টার পরও সড়কের পাশের বিদ্যুতের খুঁটির বাতি জ্বলতে দেখা যায়, অথচ সন্ধ্যার পর প্রয়োজনের সময় অনেক জায়গায় এসব বাতি জ্বলে না বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এ সমস্যা চলছে। দিনের বেলায় অপ্রয়োজনীয়ভাবে বাতি জ্বলে থাকায় বিদ্যুতের অপচয় হচ্ছে, আর সন্ধ্যার পর বাতি না জ্বলার কারণে অন্ধকারে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয় বাসিন্দা খালেদ বলেন, “আমরা নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার সময় প্রায়ই অন্ধকারে পড়তে হয়। এতে করে চলাচলে অসুবিধা হয় এবং নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়।”

আরেকজন বাসিন্দা অভিযোগ করেন, “সকালে ৮-৯টা পর্যন্ত লাইট জ্বলে থাকে, অথচ সন্ধ্যায় যখন দরকার, তখন অনেক জায়গায় লাইট বন্ধ থাকে। এটা খুবই দুঃখজনক।”

স্থানীয়রা দ্রুত এ সমস্যার সমাধান চান। তাদের মতে, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে খুব সহজেই এ সমস্যার সমাধান সম্ভব।

এ বিষয়ে লক্ষ্মীপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানা যায়নি। তবে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।