কচুয়ায় ঝড় ও বৃষ্টিতে বোরো-ভুট্টা তলিয়ে, বিপাকে হাজারো কৃষক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর (কচুয়া) : চাঁদপুরের কচুয়া উপজেলায় আকস্মিক ঝড় ও টানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকার বোরো ধান ও ভুট্টা ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ধান কাটার ভরা মৌসুমে এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকেরা। অনেকের চোখেই এখন ফসল হারানোর শঙ্কা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার ঝোড়ো হাওয়া এবং মঙ্গলবার দিনের কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ফসলি মাঠে পানি জমে যায়। অনেক এলাকায় হাঁটু সমান পানি দেখা গেছে। এতে পাকা ও আধাপাকা বোরো ধান এবং ভুট্টা ক্ষেত তলিয়ে যায়।

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে কচুয়ায় ১৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে বোরো ধান এবং প্রায় ৩ হাজার হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। এর একটি বড় অংশই এখন ঝুঁকির মধ্যে রয়েছে।

সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, নিচু জমির অধিকাংশ ধান পানির নিচে তলিয়ে আছে। বৃষ্টির কারণে প্রায় ২ হেক্টর জমির ভুট্টা গাছ মাটিতে হেলে পড়েছে। পাশাপাশি করলা, কুমড়া, ঢেঁড়স ও বেগুনসহ মৌসুমি সবজির ক্ষেতের ৬০ থেকে ৬৫ শতাংশ এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে।

স্থানীয় কৃষকেরা জানান, ধারদেনা ও চড়া সুদে ঋণ নিয়ে তারা ফসল ফলিয়েছেন। ধান ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন ক্ষতিতে অনেকেই বড় আর্থিক বিপদের আশঙ্কা করছেন।

একজন কৃষক বলেন, “সারা বছর কষ্ট করে ধান করেছি। এখন পানির নিচে সব। কীভাবে ঋণ শোধ করব বুঝতে পারছি না।”

এ বিষয়ে কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ বলেন, “প্রবল বৃষ্টিতে বোরো ধান ও ভুট্টা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি দ্রুত নেমে গেলে ক্ষতির পরিমাণ কিছুটা কম হতে পারে। বৃষ্টি অব্যাহত থাকলে কৃষকরা বড় ক্ষতির মুখে পড়বেন।”

তিনি আরও জানান, কৃষি বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে কৃষকেরা দ্রুত পানি নিষ্কাশন ও সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে সম্ভাব্য ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া যায়।