
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সব কেন্দ্র ও কক্ষে সিসি ক্যামেরা স্থাপনর কাজ শুরু হয়েছে। শনিবারের মধ্যে (আজ) এ কাজ শেষ হবে বলে জানিয়েছেন ক্যামেরা স্থাপন কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ। তিনি বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি কামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে। শনিবারের মধ্যে ক্যামেরা স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোববার ট্রায়াল দেওয়া হবে।
নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা স্থাপন করা হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে। বরিশাল সিটি নির্বাচন হবে ১২ জুন। এতে ৭ জন মেয়র পদে, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হবে। গত ২৯ মে দেড় হাজার ইভিএম এসে পৌঁছেছে।
এদিকে বরিশাল সিটি নির্বাচনে অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালনের জন্য ৩০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তারা নগরীর ৩০ ওয়ার্ডে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মিডিয়া সমন্বয়ক মো. মনিরুজ্জামান। তিনি আরও জানান, নগরীর ৩০টি ওয়ার্ডে একজন করে নির্বাহী হাকিম ও তিনটি ওয়ার্ডের জন্য একজন করে বিচারিক হাকিম দায়িত্ব পালন করবেন।
