
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হাসমত উল্যা (৭২) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (১ ডিসেম্বর) রাত ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, একই বাড়ির আমানত উল্যার ছেলে তোফায়েল এবং মোহন কথাকাটাকাটির একপর্যায়ে তাঁদের চাচা হাসমত উল্যার ওপর হামলা করেন। তারা লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা হাসমতকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হত্যার ঘটনার পর মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে ক্ষুব্ধ স্বজনরা অভিযুক্তদের দুটি বসতঘর ভাঙচুর করেন। এ সময় ঘরের মালামাল বাইরে ফেলে অগ্নিসংযোগও করা হয়।
নিহত হাসমতের ছেলে মো. মাসুদ বলেন, ‘জমি নিয়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা মানেনি। পরিকল্পিতভাবেই বাবার ওপর হামলা চালানো হয়েছে। আমার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’
ঘটনার পর থেকে প্রধান দুই অভিযুক্ত তোফায়েল ও মোহন আত্মগোপনে রয়েছেন। চেষ্টা করেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’
