যশোরে বৃষ্টিতে পারখাজুরা-নলতা ঘাট সড়ক ধস: বিকল্প বাইপাস নির্মাণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ দিন আগে

মণিরামপুর (যশোর) | নিজস্ব প্রতিবেদক :  যশোরের মণিরামপুর উপজেলায় টানা কয়েক দিনের প্রবল বর্ষণে মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজার থেকে নলতা ঘাটগামী পাকা সড়কের প্রায় ৩০ ফুট অংশ ধসে গেছে। এতে সড়কটি দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শনে যান মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী এ. এস. এম. খালেকুজ্জামান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সরেজমিন পরিদর্শন শেষে প্রশাসন ও এলজিইডি কর্মকর্তারা জনগণের যাতায়াত স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে একটি বিকল্প বাইপাস সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন। সংশ্লিষ্টরা জানান, আজ মঙ্গলবার থেকেই এই বিকল্প সড়ক নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

এলজিইডির সহকারী প্রকৌশলী এ. এস. এম. খালেকুজ্জামান ধসে যাওয়া অংশের পরিমাপ সম্পন্ন করেছেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে মূল সড়কটি সংস্কারের প্রক্রিয়া শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

জনদুর্ভোগ নিরসনে প্রশাসন, প্রকৌশল বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করছেন উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকাবাসীকে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। ধসে যাওয়া সড়কটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা।