সাতক্ষীরায় জামায়াত আমীরের জনসভায় দুই লক্ষাধিক জনসমাগমের আশা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

সিরাজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাতক্ষীরা আগমন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে শহরের আল আমিন ট্রাস্টে অবস্থিত জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় ডা. শফিকুর রহমানের জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নেতারা।

সাংবাদিক সম্মেলনে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, উক্ত জনসভা সফল ও সার্থক করতে সাংবাদিক সমাজ, প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এ সমাবেশে দুই লক্ষাধিক মানুষের জনসমাগম হবে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুলুল আমিন, কর্মপরিষদ সদস্য নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।