
প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর কর্মী–সমর্থকদের বিরুদ্ধে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করতে আওয়ামী লীগের ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে শিবগঞ্জ কোর্টবাজার এলাকায় উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন জামায়াত মনোনীত প্রার্থী, রাজশাহী মহানগর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. কেরামত আলী।
সভায় তিনি বলেন, সম্প্রতি বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের কিছু ভোটারকে প্রচার–প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে। তবে যাঁরা বিএনপির পক্ষে কাজ করতে রাজি হচ্ছেন না, তাঁদেরকে জামায়াতের পক্ষে কাজ না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত এলাকায় না থাকার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ড. কেরামত আলী আরও বলেন, কয়েকটি এলাকায় ভোটকেন্দ্রগুলোতে ভোটের আগের রাতেই ভোটারদের ভয়ভীতি দেখানো হতে পারে—এমন আশঙ্কা তাঁদের রয়েছে। এতে নির্বাচন প্রভাবিত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার দাবি জানান।
এ বিষয়ে অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
