সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নিজে কোদাল হাতে নামলেন চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই বিপাকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ওই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়ারেছ। জলাবদ্ধতা নিরসনে তিনি সরাসরি মাঠে নেমে পানি নিষ্কাশনের কাজ করছেন।

সোমবার (১৩ জুলাই) মাছখোলা এলাকায় জলাবদ্ধতা দূর করতে নিজে কোদাল হাতে ড্রেনের মাটি কেটে পানি সরানোর কাজে নেতৃত্ব দেন এই চেয়ারম্যান প্রার্থী। তার এই উদ্যোগ দেখে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সহযোগিতা করতে এগিয়ে আসেন। সম্মিলিত এই প্রচেষ্টায় দ্রুত গতিতে পানি নিষ্কাশনের কাজ এগিয়ে চলছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক দিনের টানা বর্ষণে মাছখোলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় স্থবির হয়ে পড়েছিল মানুষের স্বাভাবিক চলাচল। এমন সংকটময় সময়ে আব্দুল ওয়ারেছের সরাসরি মাঠে নেমে কাজ করার বিষয়টি স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়ারেছ বলেন, ‘জনগণের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য। সাময়িক এই প্রাকৃতিক বিপর্যয় কাটিয়ে উঠতে আমরা সবাই মিলে চেষ্টা করছি। মাছখোলার মানুষকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে যা যা করণীয়, তা অব্যাহত থাকবে।’

আব্দুল ওয়ারেছের এমন জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, এমন উদ্যোগ অব্যাহত থাকলে মাছখোলার দীর্ঘদিনের এই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে এবং দ্রুত স্বাভাবিক জনজীবন ফিরে আসবে।