শাহরাস্তিতে বৃদ্ধ মাকে মারধর ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে সাবেক ইমাম কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বৃদ্ধ মাকে ভরণপোষণ না দেওয়া এবং মারধরের অভিযোগে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী মা রোকেয়া বেগমের করা মামলায় গতকাল সোমবার (৮ জুন) তাকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর গত সোমবার শাহরাস্তি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আবু ইউছুফকে গ্রেপ্তার করে। তিনি শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ মা রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কিন্তু ছেলে আবু ইউছুফ দীর্ঘদিন ধরে তার মায়ের চিকিৎসা, পরিচর্যা এবং মৌলিক ভরণপোষণের কোনো দায়িত্ব নিচ্ছিলেন না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলে মায়ের ওপর চড়াও হতেন তিনি।

এরই ধারাবাহিকতায় গত ২ জুন মায়ের সঙ্গে আবু ইউছুফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইউছুফ ক্ষিপ্ত হয়ে তার বৃদ্ধ মাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়দের সহায়তায় মা রোকেয়া বেগম থানায় গিয়ে মারধর ও ভরণপোষণ না দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত আবু ইউছুফ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি স্থায়ী কোনো পেশায় যুক্ত না থাকলেও বিভিন্ন সময়ে স্থানীয় একাধিক মসজিদে ইমামতি করেছেন। একজন ধর্মীয় শিক্ষক ও সাবেক ইমাম হয়েও মায়ের প্রতি এমন নিষ্ঠুর আচরণে স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “আইন অনুযায়ী বাবা-মায়ের দেখভাল ও ভরণপোষণের দায়িত্ব নেওয়া সন্তানদের আইনি বাধ্যবাধকতা। বাবা-মায়ের অধিকার রক্ষায় আইন অত্যন্ত কঠোর। বৃদ্ধ মায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করি। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”