লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পর অটোচালকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের দুই দিন পর এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার একটি সুপারি বাগানের বালুর স্তূপ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ হোসেন (৩০) উপজেলার একই ইউনিয়নের লালগাজী মিজি বাড়ির তাজল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সোহাগ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি সুপারি বাগানে বালুর স্তূপের মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পান। খবর পেয়ে রায়পুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে সোহাগের লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোহাগের ভাই বলেন, “ঘটনার দিন সকালে সে ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। কে বা কারা তাকে হত্যা করেছে, তা বুঝতে পারছি না।” তিনি জানান, সোহাগ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এ নিয়ে পারিবারিকভাবে উদ্বেগ ছিল। তবে এ ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, তা তাঁরা নিশ্চিত নন।

নিহতের মা ও স্ত্রী শোকাহত হয়ে পড়েছেন। তাঁরা বারবার জ্ঞান হারাচ্ছেন বলে পরিবার জানিয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, “বাড়ির পার্শ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তূপ থেকে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।” তিনি আরও জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।