
মো. ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় চোর সন্দেহে আটক চারজনকে ঘিরে ‘মব জাস্টিস’ ঠেকাতে গিয়ে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হায়দর আলী ব্যাপারী বাড়ি এলাকায় এক অটোরিকশা চালক ইফতারের সময় তার গাড়িটি সড়কের পাশে রেখে যান। কিছুক্ষণ পর অটোরিকশাটি চুরি হয়। স্থানীয়দের সহায়তায় চারজন সন্দেহভাজনকে আটক করা হয় এবং গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। তবে অভিযোগ ওঠে, অটোরিকশার ব্যাটারি অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে।
আটক ব্যক্তিদের একটি বাড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে মারধরের অভিযোগ রয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, চোর সন্দেহে আটক ব্যক্তিদের ওপর গণপিটুনি চলছিল। খবর পেয়ে আমরা গিয়ে তাদের উদ্ধার করি। থানায় নেওয়ার সময় পুলিশের ওপর অতর্কিত হামলা হয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।”
অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিনুল হক জানান,৯৯৯-এ কল পেয়ে মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে যায়। ফেরার পথে পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে চার সদস্য আহত হন।আহতরা হলেন—উপপরিদর্শক (এসআই) মোতালেব, কনস্টেবল শওকত, মঞ্জুর ও জাহিদ। তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সড়ক অবরোধ ও যানজট সংঘর্ষের জের ধরে রাত ৯টা থেকে প্রায় চার ঘণ্টা লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক-এর চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় অবরোধ করা হয়। সড়কে ইট, বাঁশ ও গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়া হলে প্রায় দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়।
পুলিশ জানিয়েছে, আটক চারজন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অটোরিকশা চুরির ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। একই সঙ্গে পুলিশের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের দাবি, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
