‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’: সলুকাবাদ ইউনিয়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ দিন আগে

নিজস্ব প্রতিবেদক : ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সলুকাবাদ ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। পিএফজি সদস্য ও ইউনিয়ন পরিষদ সদস্য জুবায়ের আহমদ জুলহাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।

সভায় বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থান নিশ্চিত করা এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। স্থানীয় পর্যায়ে শান্তি বজায় রাখতে সংগঠনটি ‘দ্বন্দ্ব নিরসন কমিটি’ ও ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি কমিটি’ গঠন করে কাজ করছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী বলেন, “ইউনিয়ন পরিষদ ও পিএফজি একসঙ্গে কাজ করলে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা আরও কার্যকরভাবে সমাধান করা সম্ভব হবে। আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাই।”

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিজিত মৈত্র বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। তবে এই ধরনের সভা শুধু ইউনিয়ন পরিষদের কক্ষে সীমাবদ্ধ না রেখে ইউনিয়নবাসীর অংশগ্রহণে সবার সামনে করা প্রয়োজন, যাতে ভালো কাজের সাথে সবাই সম্পৃক্ত হতে পারেন।” তিনি ভবিষ্যতে এই প্রকল্পের বিভিন্ন কার্যক্রমে ইউনিয়ন পরিষদকে নিয়মিতভাবে যুক্ত রাখার আহ্বান জানান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য কুলসুমা, রোকসানা, খোর্শেদা, শহ পরান, জজ মিয়া, আবু তালেব, আক্তার হোসেন, ফারুক হোসেন, আবুল হাসিম; পিএফজির সমন্বয়কারী ফুল মালা; পিএফজি সদস্য নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম, বাপ্পি, আব্দুস সামাদ, সংগীতা রানী হাজং, অর্চনা দেবী; এবং ওয়াইপিএজির সাগর দেবনাথ, আসমা আক্তার ও তাইবা আক্তার।