রামগতি-বিবিরহাট সড়কে ধস, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

মো.ওমর ফারুক, জেলা প্রতিনিধ: বেশ কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘনার অস্বাভাবিক জোয়ারের আঘাতে পানির চাপে লক্ষ্মীপুরের রামগতি-বিবিরহাট প্রধান সড়কের বড়খেরী ইউনিয়নের মালিবাড়ীর মোড় এলাকার সড়ক ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

রবিবার (১৩ জুলাই) সকাল থেকে রামগতি উপজেলার সঙ্গে ওই অঞ্চলের যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার বাসিন্দারা। এর আগেও কয়েকবার ওই স্থানটি ভেঙে পড়লে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জিও ব্যাগ দিয়ে কোনোমতে সড়কটি রক্ষা করেন। কিন্তু গতকাল শনিবার (১২ জুলাই) রাতে মেঘনা নদীর জোয়ারের আঘাতে মূল সড়কটি ভেঙে পড়ার উপক্রম হয়ে পড়ে।

সড়কটি যেকোনো সময় ভেঙে পড়বে। এতে উপজেলার বড়খেরী ও চরগাজী ইউনিয়নের বয়ারচরসহ আশপাশের অন্তত ৫০ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে।

 স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল, মো সজিব ও রাজিব জানান, জেলা-উপজেলাসহ ঢাকা ও চট্টগ্রামে যাতায়াতের মাধ্যম এই সড়ক। হঠাৎ সড়কটি ধসে পড়ার খবর পেয়ে সবাই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে।আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, যেন দ্রুত তারা রাস্তাটি মেরামত করে দেয়।রামগতি উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী স্নেহাল রায় বলেন, ‘এর আগেও কয়েকবার এমন অবস্থা সৃষ্টি হয়েছে। এর জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ড। তারা নদী বাঁধের কাজ করছেন।

ঝুঁকিপূর্ণ এই স্থানটি অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল।’লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, ‘রাস্তা ধসে পড়ার খবর পেয়েছি। পাউবোর লোকজন ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেবে।’