
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা কে.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশেষে নিজস্ব খেলার মাঠ পেতে যাচ্ছে। দীর্ঘ ৯১ বছরের প্রতীক্ষার পর মাঠ বরাদ্দের উদ্যোগে বিদ্যালয়জুড়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
জেলা প্রশাসকের বিশেষ নির্দেশনায় মাঠের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ ও সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি সরেজমিন তদন্তের জন্য কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসকের পক্ষে রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. বরকত উল্লাহ স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে জারি করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিজস্ব খেলার মাঠের অভাবে ভুগছিল। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা, ক্রীড়া কার্যক্রম ও শারীরিক বিকাশের সুযোগ থেকে বঞ্চিত ছিল।
গত ১৭ জানুয়ারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জিয়াউল হক জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে মাঠ বরাদ্দের আবেদন জানান। এরপরই বিষয়টি প্রশাসনের নজরে আসে।
স্থানীয়দের ভাষ্য, মাঠ না থাকায় বিদ্যালয়ে জাতীয় দিবস উদযাপন, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা সম্ভব হতো না। এতে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছিল।
এ বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এত বছর পর হলেও যদি মাঠ পাওয়া যায়, তাহলে শিক্ষার্থীদের জন্য এটি বড় একটি অর্জন হবে।”
জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে দীর্ঘদিনের এই সংকট নিরসনের পথে এগোচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তদন্ত শেষে দ্রুত জমি বরাদ্দ সম্পন্ন হলে শিক্ষার্থীরা নিজস্ব মাঠে খেলাধুলার সুযোগ পাবে এবং একটি পূর্ণাঙ্গ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে।
