
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভিটা কাজিপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
মুহূর্তের মধ্যে আগুন দুটি ঘরে ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ ভস্মীভূত করে দেয়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমদাদুল হক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ সহায়তা ও জরুরি ত্রাণসামগ্রী প্রদান করেন।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “মানুষের বিপদে পাশে থাকা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
ইউএনও’র দ্রুত উদ্যোগ ও মানবিক অবস্থান স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের সহায়তায় স্বস্তি প্রকাশ করেছেন।
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
