রায়পুরায় ভূমিসেবা মেলা শুরু, ডিজিটাল সেবার ওপর গুরুত্বারোপ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী : ‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে নরসিংদীর রায়পুরায় ভূমিসেবা মেলা ২০২৬ শুরু হয়েছে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

সকাল ১০টায় অনলাইনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাল সেবার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও সহজ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং সেবার মান বাড়বে।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মনমুন পাল, উপজেলা সাব-রেজিস্ট্রার শামস বিন রাফি, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলার ২৪টি ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তারা।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, নাজমুল হক মোহন এবং যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, ভূমিসেবা সহজ ও জনবান্ধব করতে অনলাইনভিত্তিক সেবা সম্প্রসারণের বিকল্প নেই। ভূমি-সংক্রান্ত জটিলতা কমাতে এবং সাধারণ মানুষকে দ্রুত সেবা দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে সেরা সেবাগ্রহীতাদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান যাচাইসহ বিভিন্ন সেবা বিষয়ে তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে।