লক্ষ্মীপুরে আইনগত সহায়তা কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নাজমুল হোসেন :

বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারে বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) অংশগ্রহণ এবং অবদান নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটি।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শাহিন উদ্দিন। সঞ্চালনা করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার দিলরুবা ইয়াসমিন।

সেমিনারে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. অরূপ পাল, বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় এনজিও প্রতিনিধিরা।

অংশগ্রহণকারী এনজিওগুলোর মধ্যে ছিলেন জেমস, ভয়েস, সেডো, ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার নির্বাহী পরিচালক ও জেলা পর্যায়ের সমন্বয়কারীরা।

সেমিনারে বক্তারা বলেন, তৃণমূলের দরিদ্র ও অসহায় মানুষ যাতে বিনা খরচে আইনগত সহায়তা সম্পর্কে জানতে ও সেবা নিতে পারে— সে বিষয়ে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনজিও সংস্থাগুলোর উঠান বৈঠক, ঋণগ্রহীতা সভা ও অন্যান্য কার্যক্রমে লিগ্যাল এইডের সেবা প্রচারের পরামর্শ দেওয়া হয়।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শাহিন উদ্দিন বলেন, “তৃণমূলের মানুষের সঙ্গে এনজিও কর্মীরা সরাসরি কাজ করেন। তাই তাঁরা আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার-প্রসারে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।”

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমি বলেন, “বিনামূল্যে আইনি সহায়তা নিয়ে অনেকেই সচেতন নন। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে এ বিষয়ে প্রচার জোরদার করা প্রয়োজন।”

সেমিনারে জানানো হয়, লিগ্যাল এইডের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপ চালু রয়েছে। অংশগ্রহণকারীদের এসব প্ল্যাটফর্মে যুক্ত হয়ে প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে আরও মতবিনিময় সভা ও সেমিনার আয়োজন করা হবে।