রাজবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত শিশু কন্যা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

রাজবাড়ী, প্রতিনিধি : রাজবাড়ীর সদর উপজেলায় বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া আহত হয়েছে। বুধবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন সুমন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁর কোলে থাকা মেয়ে ছিটকে পড়ে যায়।

সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল বলেন, ‘হঠাৎ বজ্রপাত হলে সুমন পড়ে যায়, আর বাচ্চাটাও কোলে থেকে ছিটকে পড়ে। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

স্বজনরা গুরুতর অবস্থায় সুমনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হয়। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ‘সুমন মন্ডলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে।