
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন সরকারের পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বেলা ১২টার দিকে তিনি চুয়াডাঙ্গা সার্কিট হাউসে পৌঁছালে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে বেলা ২টার দিকে আলমডাঙ্গা উপজেলাধীন ডি-১৫এন খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল লক্ষ্য হলো নদী-খাল দখলমুক্ত করা এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটানো।
তারা আরও বলেন, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে টেকসই জলসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মো. মাসুদ পারভেজ, জেলা প্রশাসক মিজ লুৎফুন নাহার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, এই খাল পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে স্থানীয় এলাকায় জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
